চিকিৎসকের কলমে, সুস্থতার সন্ধানে আমাদের চিকিৎসক প্রতিকার সম্পর্কে

বিষয়, লেখার শিরোনাম অথবা চিকিৎসকের নাম

লেখাটি সহজ বাংলায় লিখুন, তথ্যের সূত্র উল্লেখ করুন এবং রোগীর ব্যক্তিগত পরিচয় গোপন রাখুন।

লেখা জমা দেওয়ার নিয়ম ও ফর্ম
খাবার ও পুষ্টি

হঠাৎ করে স্মৃতি হারানো: স্ট্রোক, আঘাত না ডিমেনশিয়া?

Dr Saumitra Sarkar২২ এপ্রিল ২০২৫ · ২ মিনিট পড়া

মানুষের জীবনে হঠাৎ করে স্মৃতি হারিয়ে ফেলা একটি ভীতিকর অভিজ্ঞতা। একদিন আগেও যিনি স্বাভাবিক ছিলেন, পরদিন হঠাৎ করে সব ভুলে গেছেন—এমন ঘটনা আমরা প্রায়ই দেখতে পাই, বিশেষ করে যাঁরা স্ট্রোকে আক্রান্ত হন তাঁদের মধ্যে।

স্মৃতি হারানোর মূল কারণ তিনটি ভাগে ব্যাখ্যা করা যায়:
১. স্ট্রোক
২. মাথায় আঘাত (হেড ইনজুরি)
৩. ডিমেনশিয়া ও অন্যান্য মানসিক রোগ

স্ট্রোক ও স্মৃতিভ্রষ্টতা

যখন মস্তিষ্কের সেই অংশে স্ট্রোক হয় যেখানে স্মৃতির কেন্দ্র (মেমোরি সেন্টার) অবস্থিত, তখন হঠাৎ করে স্মৃতি হারিয়ে যেতে পারে। দ্রুত চিকিৎসার মাধ্যমে মস্তিষ্কে রক্তপ্রবাহ স্বাভাবিক করা গেলে অনেক সময়ই স্মৃতি ফিরে আসে।

মাথায় আঘাতজনিত স্মৃতি হারানো

মাথায় আঘাতের ফলে দু’ধরনের অ্যামনেশিয়া হতে পারে:

  • রেট্রোগ্রেড অ্যামনেশিয়া: আঘাতের আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতি হারিয়ে ফেলা।

  • অ্যান্টিগ্রেড অ্যামনেশিয়া: আঘাতের পরের সময়ের ঘটনা মনে না থাকা।

এই ধরণের স্মৃতি হারানো অনেক সময় চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে ফিরে আসতে পারে, যদি আঘাত খুব গুরুতর না হয়।

ডিমেনশিয়া ও দীর্ঘমেয়াদী স্মৃতি হ্রাস

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যারা ধীরে ধীরে স্মৃতি হারাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে মূলত ডিমেনশিয়া নামে পরিচিত নিউরো রোগগুলোর কারণে এমনটি ঘটে। এর মধ্যে সবচেয়ে সাধারণ রোগটি হলো অ্যালজাইমারস ডিজিজ।

এই রোগে মস্তিষ্কের নিউরন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। প্রথমে নাম ভুলে যাওয়া, কথা গুছিয়ে বলতে না পারা, পরে নিজের পরিচয়ও ভুলে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। এটি দুর্ভাগ্যজনকভাবে সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে ওষুধ ও দীর্ঘমেয়াদি চিকিৎসার মাধ্যমে এর গতি অনেকটা ধীর করা যায়।

অন্যান্য সম্ভাব্য কারণ

  • মানসিক রোগ: যেমন পারসোনালিটি ডিসঅর্ডার, যেখানে ব্যক্তি আচরণগতভাবে অস্বাভাবিক হয়ে ওঠে।

  • ভিটামিন ও মিনারেলের ঘাটতি

  • মস্তিষ্কে টিউমার (বিশেষত ফ্রন্টাল লোব টিউমার)

  • ক্রনিক সাবডুরাল হেমাটোমা: দীর্ঘদিন ধরে মাথার ভেতরে রক্ত জমে থাকলে এ ধরনের স্মৃতিভ্রষ্টতা দেখা দিতে পারে।

করণীয়

যদি কোনো ব্যক্তি হঠাৎ করে স্মৃতি হারিয়ে ফেলেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। কারণ এটি হয়তো স্ট্রোক, হেড ইনজুরি বা অন্য কোনো গুরুতর নিউরো সমস্যার ইঙ্গিত হতে পারে। আর যদি ধীরে ধীরে স্মৃতি হারাতে থাকেন, তাহলে অ্যালজাইমারস বা ডিমেনশিয়ার মতো দীর্ঘমেয়াদি রোগের দিকে নজর দিতে হবে।

স্মৃতিভ্রষ্টতা কোনো সাধারণ বিষয় নয়। সময়মতো সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা শুরু করলেই রোগীর জীবন অনেক সহজ হতে পারে।

এই লেখা সাধারণ সচেতনতার জন্য। ব্যক্তিগত চিকিৎসার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *