চিকিৎসকের কলমে, সুস্থতার সন্ধানে আমাদের চিকিৎসক প্রতিকার সম্পর্কে

বিষয়, লেখার শিরোনাম অথবা চিকিৎসকের নাম

লেখাটি সহজ বাংলায় লিখুন, তথ্যের সূত্র উল্লেখ করুন এবং রোগীর ব্যক্তিগত পরিচয় গোপন রাখুন।

লেখা জমা দেওয়ার নিয়ম ও ফর্ম
খাবার ও পুষ্টি

মাইগ্রেনের ব্যথায় কুলিং প্যাচ: কতটা কার্যকর এই তাৎক্ষণিক আরামদায়ক উপায়?

Protikar৩০ জুন ২০২৫ · ২ মিনিট পড়া
মাইগ্রেনের ব্যথায় কুলিং প্যাচ: কতটা কার্যকর এই তাৎক্ষণিক আরামদায়ক উপায়?

মাইগ্রেন একটি জটিল নিউরোলজিক্যাল সমস্যা, যা মাথার এক পাশজুড়ে তীব্র ব্যথা, বমিভাব বা বমি, দৃষ্টিতে সমস্যা এবং আলো ও শব্দে অতিমাত্রায় সংবেদনশীলতার সৃষ্টি করে। এই সমস্যার তাৎক্ষণিক উপশমে অনেক বছর ধরেই কুলিং থেরাপি, অর্থাৎ ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করা হয়ে আসছে। আধুনিক সময়ে বাজারে পাওয়া যাচ্ছে কুলিং প্যাচ, যা কপাল, ঘাড় বা বুকে লাগিয়ে ব্যথা উপশমে সহায়ক হতে পারে বলে দাবি করা হচ্ছে।

এই কুলিং প্যাচ বা মাইগ্রেন রিলিফ প্যাচ মূলত একধরনের বিশেষ জেল শিট, যাতে থাকে মেন্থল, ইউক্যালিপটাস অয়েলসহ বিভিন্ন এসেনশিয়াল অয়েল। এগুলো মিলে প্যাচটি শরীরে ঠান্ডা অনুভূতি তৈরি করে এবং তাৎক্ষণিকভাবে মাথাব্যথা হ্রাসে সহায়ক ভূমিকা রাখতে পারে। শুধু মাইগ্রেন নয়, দুশ্চিন্তাজনিত মাথাব্যথা, জ্বর বা হরমোনজনিত হট ফ্ল্যাশ উপশমেও এর কার্যকারিতা রয়েছে।

এই প্যাচে কোনো ধরনের ওষুধ ব্যবহৃত হয় না, ফলে ওষুধজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে না। এর কোনো গন্ধও থাকে না, যা মাইগ্রেন আক্রান্তদের জন্য সহনীয় করে তোলে। অনেক সময় মাথায় সরাসরি ঠান্ডা পানি বা বরফ দেওয়া অসুবিধাজনক হয়, সেই তুলনায় কুলিং প্যাচ বহনযোগ্য ও সহজেই ব্যবহারযোগ্য। একটি প্যাচ প্রায় আট ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে, ফলে ব্যবহারকারীরা দীর্ঘসময় ব্যথামুক্ত থাকতে পারেন।

তবে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। কারও কারও ত্বকে এই প্যাচের কারণে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তাই প্রথমবার ব্যবহারের আগে পরীক্ষা করে নেওয়া বাঞ্ছনীয়। চোখের আশেপাশে বা কাটা জায়গায় এটি ব্যবহার করা ঠিক নয়। তাছাড়া, যাদের ঠান্ডা সহজে লাগে, তাদের জন্য এটি সমস্যার কারণ হতে পারে। আবার যেসব ক্ষেত্রে ব্যথা অত্যন্ত তীব্র বা দীর্ঘস্থায়ী, সেখানে কুলিং প্যাচ বিশেষ কার্যকর নাও হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই প্যাচ তাৎক্ষণিক আরাম দিলেও এটি কোনোভাবেই দীর্ঘমেয়াদি চিকিৎসার বিকল্প নয়। এটি এখনো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর অনুমোদন পায়নি। মাইগ্রেন চিকিৎসায় সর্বোত্তম উপায় হলো—সঠিক জীবনযাপন, পর্যাপ্ত পানি পান, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ।

সুতরাং, কুলিং প্যাচ একটি সহায়ক উপকরণ হতে পারে, তবে মাইগ্রেন নিরাময়ে এটি একমাত্র সমাধান নয়।

এই লেখা সাধারণ সচেতনতার জন্য। ব্যক্তিগত চিকিৎসার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *